সাড়ে ৩৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা আগুন দীর্ঘ সাড়ে ৩৭ ঘণ্টার প্রচেষ্টায় সম্পূর্ণভাবে নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভানোর কাজ শেষ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান শিকদার।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে ছোট কাটারা এসি মসজিদসংলগ্ন মার্কেটটিতে আগুন লাগার খবর আসে। এর ২০ মিনিট পর, বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। একপর্যায়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন নেভানোর কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভবনের ষষ্ঠ তলায় থাকা বিভিন্ন পণ্যের গুদাম। ফায়ার সার্ভিসের তথ্যমতে, গুদামগুলোর দরজা ও শাটারে তালা লাগানো থাকায় ভেতরে প্রবেশ করতে সমস্যা হয়। পরে তালা ও শাটার ভেঙে প্রবেশ করে আগুনের উৎস এবং ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান কর্মীরা।
ভবনের ভেতরে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। ঘন ধোঁয়ার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
এদিকে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় পানির জোগান নিশ্চিত করাও ছিল বড় চ্যালেঞ্জ। পানির সীমিত উৎসের পাশাপাশি এলাকার সরু সড়কগুলোয় পানিবাহী গাড়ি নিয়ে চলাচল ও কাজ পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি হয়।
সব বাধা পেরিয়ে দীর্ঘ সময় ধরে আগুন নেভানো এবং ভবনের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ চালিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। অবশেষে বুধবার সকালে আগুন সম্পূর্ণ নির্বাপণের ঘোষণা দেয় সংস্থাটি।
Comments