সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
সরকার যদি কখনো বিধবা কার্ড চালু করে, তবে দেখা যাবে সংসদ সদস্যের (এমপি) স্ত্রীই সবার আগে সেই কার্ডটি নিয়ে নেবেন—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বর্তমান ব্যবস্থার কঠোর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে এমপির ছেলে, মেয়ে এবং শালী পর্যন্ত ডিলারশিপের কার্ড পেয়েছেন। এ দেশের বর্তমান অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, সরকার যদি বেকার কার্ডও চালু করে, তবে প্রভাবশালীদের আত্মীয়-স্বজনরাই তা আগে পাবেন।
চুয়েটের ভিসির পদত্যাগ ও চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'চুয়েটের ভিসিকে শিক্ষক-শিক্ষার্থীরা চায় না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পেছনের দিকে নিয়ে যেতে চায়।'
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
Comments