প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল কর্তৃপক্ষ। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন পরীক্ষার তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার কেন্দ্রসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Comments