চক্ষু স্বাস্থ্য উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সার্বিক চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ কনফারেন্স রুমে 'বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই ঘোষণা দেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, 'দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা হবে। এই তহবিলের মাধ্যমে চক্ষু চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ প্রদান, চিকিৎসাসেবার অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হবে।'
তিনি আরও জানান, সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় দেশব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং ১ কোটি মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হবে। পাশাপাশি, প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় নিয়ে আসার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের এই স্বাস্থ্য উদ্যোগের বাইরে থাকছে না দেশের কোমলমতি শিক্ষার্থীরাও। স্কুলশিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনে বিনামূল্যে চশমা সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় সহজলভ্য ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান। এছাড়া অনুষ্ঠানটির আলোচনা পর্ব সঞ্চালনা করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রোগ্রাম হেড ডা. আফসানা হাবিব শিউলি।
Comments