ইউএনও ও উপজেলা প্রশাসকদের কার্যবিবরণী পাঠাতে নতুন নির্দেশনা
উপজেলা পরিষদের নিয়মিত সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারভুক্ত বিভিন্ন কর্মসূচি এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার কার্যবিবরণীর একটি কপি সভা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।
তবে স্থানীয় সরকার বিভাগের নথি পর্যালোচনায় দেখা গেছে, অনেক উপজেলা পরিষদ থেকে নিয়মিত সভার কার্যবিবরণী নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পাঠানো হচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারভুক্ত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনায় জটিলতা তৈরি হচ্ছে।
চিঠিতে বিশেষভাবে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।
এ ছাড়া এসব কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি দিতে হলে তা রঙিন প্রিন্টে পাঠাতে হবে।
কোনো উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আগে ও পরে অবস্থার তুলনামূলক চিত্র থাকলে সেটিও পাশাপাশি সংযুক্ত করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে এর হার্ডকপিও সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠাতে হবে।
Comments