আবারও সুখবর, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দ্বিতীয়বারের মত বাবা-মা হতে যাচ্ছেন। সম্প্রতি তারকা দম্পতি নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন।
কিয়ারা ও সিদ্ধার্থ ইনস্টাগ্রামে একটি আবেগঘন ছবি শেয়ার করেন। এতে দেখা যায়, তাদের সঙ্গে একমাত্র মেয়ে সারায়াহর হাতও রয়েছে। তিনজনের হাতের পাশে রাখা ছিল ছোট্ট একজোড়া ক্রোশিয়ার শিশুর মোজা। ছবির সঙ্গে তারা লিখেছেন, 'আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।'
সুখবরটি প্রকাশ্যে আসার পর কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্ত ও বলিউডের সহকর্মীরা। করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর, মানীশ মালহোত্রাসহ অনেকেই তাদের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ।
এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান, মেয়ে সারায়াহর জন্ম হয়। একই বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। সেবারও ছোট্ট একজোড়া শিশুর মোজার ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন তারা। এবারও দ্বিতীয় সন্তান আসার খবরটি জানালেন একটি সাধারণ ও আবেগঘন পোস্টের মাধ্যমে।
Comments