কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার, আদালত সূত্র ও সাক্ষ্যপ্রমাণে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। একপর্যায়ে মাহিবুরের অন্যত্র বিয়ে ঠিক হলে সুমি তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।
এ নিয়ে বিরোধের জেরে ২০২২ সালের ১১ মার্চ রাতে সুমিকে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে নিয়ে যান মাহিবুর। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ইট দিয়ে সুমির মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যার পর ঘটনা ভিন্ন খাতে নিতে মাহিবুর সিগারেটের আগুন দিয়ে সুমির মরদেহে আগুন ধরিয়ে দেন এবং সেখান থেকে পালিয়ে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সুমির পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা করেন।
মামলাটির দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
Comments