দুর্গাপূজা: মার্কেট ও দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। আজ সোমবার বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখা যায়। তবে পূজার ছুটির পর আগামী ২৩ অক্টোবর থেকে আবারও পূর্বের এই সময়সূচি বহাল হবে।
বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, "আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (সকাল ১১:০০টা হতে রাত ৮:০০টা পর্যন্ত) পুনরায় কার্যকর হবে।"
নতুন এই সময়সূচি বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা দোকান মালিক সমিতিকেও সরকারি এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
Comments