উচ্ছেদের পরও ফুটপাতে বসলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
অবৈধ দখল উচ্ছেদের পর পুনরায় ফুটপাতে দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
হকার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, 'কোনো অবস্থাতেই মূল রাস্তা বন্ধ করে হকার বসতে দেওয়া হবে না।'
তিনি আরও বলেন, সরকার হকারদের উচ্ছেদ করতে চায় না, বরং তারা যেন নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনা করেন, সেটিই নিশ্চিত করতে চায়। নির্ধারিত নিয়ম ও স্থানে বসলে তাদের উচ্ছেদ করা হবে না।
এ সময় ছুটির দিনগুলোতে হকারদের জন্য সুখবর দিয়ে তিনি জানান, সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার নির্দিষ্ট এলাকায় 'হলিডে মার্কেট' বসতে পারবে। সিটি করপোরেশন চায় হকাররা সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট জায়গায় বসে তাদের জীবিকা নির্বাহ করুক।
Comments