ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
ময়মনসিংহে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বেলা তিনটার দিকে ওসি শিবিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের নাম–পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
ওসি আরও বলেন দুর্ঘটনার পর বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান চালক ও তাঁর সহকারী। পরে পুলিশ বাসটি আটক করে। তবে বাসের চালক ও তাঁর সহকারীকে পাওয়া যায়নি। তাঁদের আটক করার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে অটোররিকশার ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন। পরে মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মামুন হোসেন নামের একজন বলেন, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তিনি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে আসেন। সেখানে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা দেখতে পান। লোকজন বাসটি ঠেলে সরিয়ে দেন এবং অটোরিকশা বের করা হয়। পরে অটোরিকশার ভেতর থেকে মরদেহ বের করা হয়।
Comments