মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার সমালোচনার মুখে থাকা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে এবং আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, 'সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আমার অফিসে এসে নিজে উপস্থিত হয়ে লিখিত পদত্যাগপত্র দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তাঁর পদ শূন্য হয়ে গেছে। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে এবং আমরা এটি অবিলম্বে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব।'
চিঠিতে পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদীয় বিধান অনুযায়ী সংসদ সদস্যরা পদত্যাগ করার সময় সাধারণত চিঠিতে কোনো কারণ উল্লেখ করেন না।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি আজ দুপুরে স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
Comments