অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের ঘরের খবর নিন: প্রধানমন্ত্রী
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি 'গুপ্ত রাজনৈতিক দল' নানা বিষয়ে নসিহত করলেও তাদের নিজেদের ঘরের লোকেরাই নারী নির্যাতনে জড়িত। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজের ঘরের দিকে তাকানোর এবং নারী নির্যাতনের ঘটনা সামাল দেওয়ার কঠোর বার্তা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় 'মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ' প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'একটি গুপ্ত রাজনৈতিক দলের নেতারা আমাদের নসিহত করেন— আপনারা এটা করেন, ওটা করেন। আজকে হাজারো-লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন, তারপর অন্যকে কিছু বলতে আসেন।'
তিনি আরও বলেন, ওই দলের কিছু সদস্যের বিরুদ্ধে নারীদের ওপর নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং এ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। তাই এ বিষয়ে বিস্তারিত না বললেও সাধারণ মানুষের মুখে শোনা যায় যে, তাদের এক নেতা শুধু নির্যাতন করেই ক্ষান্ত হননি, বরং একজন মানুষের জীবনাবসানও ঘটিয়েছেন।
বিরোধীদলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কিছু আসনে জয়লাভ করেছে। এরপর থেকেই তারা 'ধরাকে সরা জ্ঞান' করতে শুরু করেছে এবং দেশে নতুন করে অরাজকতা তৈরির চক্রান্তে লিপ্ত হয়েছে।
১৯৭১ সালের দিকে ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, 'একাত্তরে তাদের ভূমিকা কী ছিল, কীভাবে তারা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন করেছে, তা দেশের সবাই জানে। আজ তারা ক্ষমতার মোহে পড়ে আবারও সেই অরাজকতা ও নারী নির্যাতনের পথ বেছে নিয়েছে।'
সমাবেশে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে বলেন, দুই-আড়াইশ বছর আগের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিতে এই ব্রিজের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। ভবিষ্যতে এমন প্রলয়ংকরী বন্যা প্রতিরোধেই তাঁদের এই মেগা উদ্যোগ।
উল্লেখ্য, ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় মুহুরী ও কহুয়া নদীর বাঁধ পুনর্বাসন, নদী খনন এবং সেচ অবকাঠামো নির্মাণ করা হবে, যা ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
Comments