কাজ সহজ করতে নতুন এআই প্ল্যাটফর্ম আনছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন কেবল চ্যাটবট বা ছবি তৈরিতে সীমাবদ্ধ নেই; বরং ই-মেইল পাঠানো, গ্রাহকসেবা ও করপোরেট দুনিয়ার নানা জটিল কাজ নিমিষেই করে দিচ্ছে। এবার এই প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছে আরও সহজলভ্য করতে একটি নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
'মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম' নামের এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান মেটার তৈরি উন্নত এআই মডেল, এআই এজেন্ট এবং আধুনিক প্রযুক্তিগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে।
নতুন এই উদ্যোগটিকে এগিয়ে নিতে ডেটা প্ল্যাটফর্ম 'মঙ্গোডিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন সিজে দেশাইকে 'চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার' হিসেবে নিয়োগ দিয়েছে মেটা।
মেটায় যোগ দেওয়ার পর চিরন্তন সিজে দেশাই বলেন, আগামী কয়েক বছরে এআই সব ধরনের প্রতিষ্ঠানের উদ্ভাবন, ব্যবসার প্রবৃদ্ধি এবং দৈনন্দিন কার্যপরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে। তাঁর মতে, উন্নত এআই মডেল তৈরির পাশাপাশি বিশালসংখ্যক বিজ্ঞাপনদাতা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে বড় পরিসরে সেবা দেওয়ার অনন্য অভিজ্ঞতা রয়েছে মেটার।
প্রাথমিকভাবে মেটার এই এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বেশ কিছু জনপ্রিয় ও আধুনিক এআই টুলস। এর মধ্যে রয়েছে:
-
মিউজ (Muse): মেটার নিজস্ব ব্যক্তিগত এআই সহকারী, যা ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো, ভ্রমণের বুকিং দেওয়াসহ বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজ করতে পারে।
-
মিউজ এপিআই ও মিউজ কোড: সফটওয়্যার ডেভলপমেন্ট ও কোডিংয়ের কাজ সহজ করার জন্য বিশেষ টুল।
-
মেটা বিজনেস এজেন্ট: ব্যবসায়িক কার্যক্রম ও গ্রাহকসেবা স্বয়ংক্রিয় করার আধুনিক মাধ্যম।
এই প্রযুক্তিগুলো কাজে লাগিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন অপারেশন পরিচালনা, কাস্টমার কেয়ার উন্নত করা এবং ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি করতে পারবে। মূলত মেটার এআই প্রযুক্তিকে শুধু ব্যক্তিগত ব্যবহারের গণ্ডি ছাড়িয়ে সরাসরি বাণিজ্যিক ও ব্যবসায়িক কাজে ব্যবহারের সুযোগ করে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
Comments