জ্বালানির মূল্য সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার সুপারিশ
সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন এবং তা উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি ও সমন্বয়ের নেপথ্যের কারণ, সাধারণ মানুষের জন্য দাম সহনীয় রাখার উপায় এবং মূল্য হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জ্বালানি সংকট সৃষ্টির মূল কারণগুলো নিয়েও বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করা হয়। সংকটকালীন ও পরবর্তী সময়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকার পরও কেবল মূল্য বৃদ্ধির মাধ্যমে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলো, সে বিষয়ে বিপিসির কাছে স্পষ্ট ব্যাখ্যা তলব করেছে কমিটি।
বৈঠকে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, তা সংরক্ষণের সুনির্দিষ্ট সক্ষমতা এবং অদূর ভবিষ্যতের বাড়তি চাহিদা মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে পরবর্তী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
Comments