শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের বসবাসের সুব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এই ঘোষণা দেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
এ সময় শহীদ আবু সাঈদকে গণঅভ্যুত্থানের মূল অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আবু সাঈদের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং তা তরুণ সমাজ ও ছাত্র-জনতার আজীবন প্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগের ফলেই সারা দেশের মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছিল, যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।'
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শহীদ আবু সাঈদ আমাদের জাতীয় বীর। আমরা তাঁকে যথাযথভাবে স্মরণীয় করে রাখতে চাই। এই ১ কোটি টাকার সম্পূর্ণ উন্নয়নকাজ জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে। এ জন্য ইতোমধ্যে জেলা প্রশাসককে একটি সুন্দর নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রংপুর স্টেডিয়ামের নামকরণের বিষয়ে আলাপকালে তিনি জানান, রংপুর স্টেডিয়ামকে শহীদ আবু সাঈদের নামে নামকরণের আগ্রহ তাদের ছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এর আগেই রংপুর জেলা স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে 'শহীদ আবু সাঈদ স্টেডিয়াম' রাখা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি ১১ দলীয় জোটের বিভিন্ন কর্মসূচির তীব্র সমালোচনা করে বলেন, 'বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা অহেতুক আন্দোলন ও লংমার্চের মতো কর্মসূচি দিচ্ছে।'
তিনি আরও অভিযোগ করেন, 'একটি রাজনৈতিক দল ধর্মের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবেনি। অথচ আলেম-ওলামা ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণের কথা সত্যিকারের অর্থে ভেবেছেন কেবল তারেক রহমান।'
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন একের পর এক সুন্দর কর্মসূচি বাস্তবায়ন করছে, তখন একটি মহল দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তবে সরকারের কোনো অপতৎপরতাই কাজে আসবে না; জনগণের সরকার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে।
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments