প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাত্কারের শুরুতে চীনা রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী সফলভাবে অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করায় তাকে উষ্ণ অভিনন্দন জানান।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নমূলক সহযোগিতা আরও বেশি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন ও এর স্থায়ী সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায়।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সার্বিক উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের অবিচল সমর্থন অব্যাহত থাকার কথা পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যদিকে, বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
Comments