নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
নেপালে অব্যাহত ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে দেশটির ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের প্রতি কড়া সতর্কতা জারি করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলের মতো পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ভ্রমণ, ট্রেকিং বা পর্বতারোহণের পরিকল্পনা স্থগিত রাখতে হবে।
বিশেষ করে পিসাং, চামে ও মানাং অঞ্চলের পর্যটন স্পটগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মুস্তাং ও জমসমসহ বিভিন্ন পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে, কারণ যেকোনো সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
অবিরাম বৃষ্টি ও ভূমিধসের ফলে অনেক স্থানে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ভূপ্রকৃতির দুর্গমতার কারণে এসব এলাকায় উদ্ধারকাজ চালানোও অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তাই পর্যটকদের নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস এবং প্রয়োজনে পরবর্তীতে আরও আপডেট জানানো হবে।
এদিকে নেপালের কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, দেশটির মানাং জেলার নার ফু এলাকার হিমলুং হিমালে একটি ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নেপালি নাগরিক নিখোঁজ রয়েছেন।
খারাপ আবহাওয়া এবং প্রতিকূল পরিস্থিতির কারণে ৭,১২৬ মিটার উচ্চতার ওই পর্বতশৃঙ্গে উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছাতে পারছে না। ফলে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে উদ্ধার অভিযান চালাতে গিয়ে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।
Comments