৫ আগস্ট বিকেল থেকেই বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু: নাহিদ ইসলাম
২০২৪ সালের ৫ আগস্ট বিকেল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, যখন পুরো দেশের তরুণ সমাজ বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, ঠিক তখন থেকেই বিএনপির সন্ত্রাসী বাহিনী সারা দেশে ফ্যাসিবাদীদের পূর্বের চাঁদাবাজি ও দখলবাজির সিন্ডিকেট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের রাজপথের সহযোদ্ধা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে রাতের আঁধারে ভাঙচুর চালানো হয়েছে। এই হামলা ও লুটপাটের নেপথ্যে মূলত দুটি অভিযোগ সামনে এসেছে—হয় চাঁদা না দেওয়া, নতুবা সম্পত্তি দখল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের আসনেই এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, "প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের দুঃসাহস কাদের হতে পারে?" কোনো স্থাপনা অবৈধ বা দখলকৃত হলেও তার আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনি পথ বাদ দিয়ে ক্ষমতাসীনদের এমন উন্মত্ত আচরণ দেশের জন্য কিসের ইঙ্গিত বহন করছে?
বিএনপির চাঁদাবাজি প্রসঙ্গে নাহিদ বলেন, আওয়ামী লীগের শোষণের সাম্রাজ্য দখল করেই তারা ক্ষান্ত হয়নি; বরং চাঁদাবাজি ও দখলবাজির পরিমাণ এবং আওতা আগের তুলনায় কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আজ দেশের আঠারো কোটি মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসবের বিচার চাওয়া এখন অর্থহীন। তবে অতি দ্রুত এই চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন এনসিপির এই আহ্বায়ক।
Comments