হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজন ও সংঘাত অবসানের লক্ষ্যে ওয়াশিংটনকে সাত দিনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা রূপরেখার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শিক্ষাবিদদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে গত বৃহস্পতিবার সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় আরাঘচি মার্কিন প্রশাসনের কাছে দেওয়া এই প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রস্তাবিত এই রোডম্যাপে গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এর মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—উভয় পক্ষের সব ধরনের বৈরী কার্যক্রম অবিলম্বে বন্ধ করা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ সময় জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই পরিকল্পনা বা রূপরেখায় সম্মত হয়, তবে তা বাস্তবায়নের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু করতে তেহরান প্রস্তুত রয়েছে।
Comments