সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬ উপলক্ষে সিডনিতে প্রেস মিট অ্যান্ড গ্রিট
সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ইনক (সিসিএ) আয়োজিত 'সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬' উপলক্ষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি, বৈচিত্র্য, পারিবারিক বিনোদন ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে এবারের আয়োজনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকেম্বার ১৯৪ লাকেম্বা স্ট্রিটের গ্রাউন্ড ফ্লোরে সিসিএ সভাপতি সাইফুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রুমেলের সঞ্চালনায় এ মতবিনিময় সভা হয়। এতে সিডনির বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও কমিউনিটি মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, আইনজীবী উপল আমীন, টাইটেল স্পন্সর 'বিল্ড টু ডে'-এর পরিচালক শামস আলম এবং প্রোপারটি ওয়ানের প্রিন্সিপাল আলী সিকদারসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রেস মিটে সিসিএর সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ স্প্রিং ফেয়ারের পরিকল্পনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বৃহত্তর কমিউনিটিকে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
সিসিএর সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, স্প্রিং ফেয়ারের লক্ষ্য শুধু বিনোদন নয়; সংস্কৃতি, খাবার, পরিবার ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও শক্তিশালী করা।
সাবেক কোষাধ্যক্ষ ড. শেখ সালাউদ্দিন বলেন, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ইনক অস্ট্রেলিয়ায় বসবাসরত চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিপ্রেমী প্রবাসীদের একটি অলাভজনক সামাজিক সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি সামাজিক সম্পৃক্ততা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিতে কাজ করে আসছে।
সিসিএ সভাপতি সাইফুল হাসান চৌধুরী বলেন, "Connecting for a Stronger, More Inclusive Community"—এই বার্তাকে সামনে রেখে এবারের স্প্রিং ফেয়ার সাজানো হচ্ছে। পাশাপাশি "People | Culture | Community | A Brighter Tomorrow" ভাবনাকে ধারণ করে একটি প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য রয়েছে।
কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা জানান, এবারের আয়োজনে সংস্কৃতি, খাবার, পারিবারিক বিনোদন এবং বিভিন্ন কমিউনিটির অংশগ্রহণ থাকবে। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি দক্ষিণ এশীয় ও অন্যান্য সংস্কৃতির মানুষের অংশগ্রহণের সুযোগও থাকবে।
শিশুদের জন্য ফ্রি রাইড
স্প্রিং ফেয়ারে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি রাইডের ব্যবস্থা থাকবে বলে জানান আয়োজক কমিটির সদস্য ইরফান ফয়েজ।
প্রেস মিটে সাংবাদিকরা স্প্রিং ফেয়ারের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি ভবিষ্যৎ মিডিয়া কভারেজ, সাক্ষাৎকার ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে সিসিএ সভাপতি সাইফুল হাসান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ বাকের, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রুমেল, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান, জনসংযোগ সম্পাদক আরিফ মইন, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ ড. শেখ সালাউদ্দিন, সদস্য ইরফান ফয়েজ ও সাকিনা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও, জন্মভূমি টেলিভিশনের সিইও আবু আরেফিন রেজা, প্রোপারটি ওয়ানের প্রিন্সিপাল আলী সিকদার, বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি হুমায়ুন কবির রোজ, সহ-সভাপতি গালিব ইবনে রিয়াজ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিসিএর পক্ষ থেকে সাকিনা আক্তার স্প্রিং ফেয়ারের প্রচার ও আয়োজনের উদ্দেশ্য বৃহত্তর কমিউনিটির কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সহ-সভাপতি সৈয়দ বাকের বলেন, সংস্কৃতি, বৈচিত্র্য, পারিবারিক আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬ সিডনির বহুসাংস্কৃতিক কমিউনিটির মানুষের জন্য একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশাবাদী।
Comments