এআই নিয়ে ইলন মাস্কের ভবিষ্যদ্বাণী: মানুষের সমকক্ষ হতে বাকি ২ বছর
বিজ্ঞান, চিকিৎসা ও গবেষণাসহ মানুষের দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়রথ দ্রুত এগিয়ে চলেছে। এর মাঝেই এআইয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর দাবি, আগামী এক থেকে দুই বছরের মধ্যেই পরিস্থিতি আরও নাটকীয়ভাবে বদলে যাবে এবং ২০২৭ সালের শেষ নাগাদ কিংবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে এআই সবক্ষেত্রেই মানুষের বুদ্ধিমত্তা ও সক্ষমতাকে ছাড়িয়ে যাবে।
২০২১ সালে এআই গবেষক ফ্রাঁসোয়া শোলে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও প্রত্নতত্ত্বের মতো ক্ষেত্রগুলো কম্পিউটার প্রযুক্তির সঙ্গে আরও গভীরভাবে মিশে যাবে। সম্প্রতি প্রায় পাঁচ বছর পর সেই পুরোনো পোস্টটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
শোলের সেই সময়সীমাকে 'রক্ষণশীল' আখ্যা দিয়ে ইলন মাস্ক মন্তব্য করেন যে, প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে ২০২৭ বা ২০২৮ সালের মধ্যেই এআই মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে।
বর্তমানেও গবেষণা ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় এআইয়ের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যা গবেষকদের কাজকে অনেক সহজ করে তুলেছে। ইলন মাস্কের ধারণা, আগামীতে বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় এআই মানুষের সবচেয়ে বড় ও অপরিহার্য সহযোগী হয়ে উঠবে।
এআইয়ের অগ্রগতি নিয়ে মাস্ক এর আগেও বিভিন্ন সময়ে নানা সময়সীমা উল্লেখ করেছেন:
-
২০১৭ সাল: তিনি ধারণা করেছিলেন, ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে এআই মানুষকে ছাড়িয়ে যাবে।
-
২০২৪ সাল: সে সময় তিনি সেই লক্ষ্যমাত্রা কমিয়ে ২০২৫ সালের শেষের দিকে নিয়ে আসেন।
-
২০২৬ সালের জানুয়ারি: চলতি বছরের শুরুর দিকে তিনি জানান, ২০২৬ সালের শেষ বা সর্বোচ্চ ২০২৭ সালের মধ্যে এআই যেকোনো মানুষের চেয়ে বেশি সক্ষম হয়ে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে।
(সূত্র: ইন্ডিয়া টুডে)
Comments