মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শুনতে মালদ্বীপে দুই দিনের সফরে এসে একাধিক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
সফরের শুরুতে তিনি বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৃহত্তর মালে ও মাফুশি দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাদা মতবিনিময় সভায় অংশ নেন।
সভাগুলোতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্র, দৈনন্দিন জীবন, বিভিন্ন সুযোগ-সুবিধা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মালদ্বীপ থেকে সহজ ও নিরাপদে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা এবং মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানান তারা।
প্রবাসীদের বক্তব্য শুনে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান।
দুই দিনের সফর শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী মালের সি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোবারক হোসেন।
এ সময় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা. এইচ এম সোহেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক মুজিবুর রহমান ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Comments