এআই দিয়ে ডাক্তার সেজে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ
এআই প্রযুক্তির সাহায্যে নিজেকে ২৯ বছর বয়সী চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ইউয়ান হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক চীনা নারীর বিরুদ্ধে। পুলিশের তদন্তে জানা গেছে, বাস্তবে ওই নারী একটি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত নারীর নাম ইউ শিউঝেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সম্পূর্ণ ভুয়া একটি পরিচয় তৈরি করেন। এআই ও ফেস-চেঞ্জিং প্রযুক্তির মাধ্যমে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে নিজেকে সাংহাইয়ের একটি নামী হাসপাতালের তরুণ চিকিৎসক হিসেবে উপস্থাপন করতেন তিনি।
প্রায় পাঁচ বছর ধরে ওই ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইউ। এ সময়ে তিনি প্রায় ৭ হাজার এআই-নির্মিত ছবি ও ভিডিও পোস্ট করেন। তার অনুসারীর সংখ্যাও ছিল প্রায় ১০ হাজার।
২০২১ সালে সাংহাইয়ের এক নির্মাণ ঠিকাদার লিউ হুই ওই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত হন। ইউ তাকে জানান, হাসপাতালের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং প্রভাব কাজে লাগিয়ে বড় নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দিতে পারবেন।
ব্যবসায়িক সুবিধার আশায় লিউ তার সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে অনলাইনে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। তবে লিউ একাধিকবার সরাসরি দেখা করা কিংবা ভিডিও কলে কথা বলার চেষ্টা করলেও প্রতিবারই নানা অজুহাতে তা এড়িয়ে যান ইউ।
এরপর প্রতারণার কৌশল আরও বাড়ান তিনি। নিজেকে লিউয়ের কথিত প্রেমিকার মা পরিচয় দিয়ে আরেকটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেন। ওই পরিচয় থেকে লিউকে জানানো হয়, তার মা এই সম্পর্ক মেনে নিচ্ছেন না। বিয়ের জন্য তিন লাখ ইউয়ান যৌতুক এবং স্থানীয় এলাকায় একটি বাড়ি কেনার দাবিও করা হয়।
এসব কথায় বিশ্বাস করে লিউ পাঁচ মাসের মধ্যে ইউকে মোট প্রায় ১ লাখ ৭০ হাজার ইউয়ান পাঠান। কিন্তু প্রতিশ্রুত কোনো নির্মাণকাজের চুক্তি না পাওয়ায় একপর্যায়ে সন্দেহ হয় তার। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
তদন্তে পুলিশ ইউ শিউঝেনকে শনাক্ত করে জানতে পারে, তিনি কোনো তরুণ চিকিৎসক নন; বরং ৬৫ বছর বয়সী একজন হাসপাতালকর্মী। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও একটি প্রতারণার ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
তদন্তকারীদের দাবি, প্রতারণা করে পাওয়া অর্থের একটি অংশ কসমেটিক সার্জারি, দামি ত্বকের যত্নের সামগ্রী এবং নতুন পোশাক কেনার পেছনে ব্যয় করেন ইউ।
পুলিশ তার সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওগুলো পরীক্ষা করে দেখতে পায়, সেখানে এআই ব্যবহারের বিষয়ে ছোট আকারের সতর্কবার্তা দেওয়া ছিল। তবে লিউ জানান, আধুনিক এআই প্রযুক্তি সম্পর্কে তার ধারণা খুবই সীমিত ছিল। ফলে ভিডিওতে থাকা সতর্কবার্তাটি তার নজরে আসেনি।
সূত্র: সামা টিভি
Comments