বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ঢাকার আশপাশের উপশহর এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আরও শক্তিশালী ও আধুনিক করতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই ঋণের অর্থ দিয়ে ব্যবসা-বাণিজ্য এলাকা ও বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, দক্ষতা এবং দুর্যোগ সহনশীলতা বাড়ানো হবে।
'পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট' বা বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (বিআরইবি) এই সহায়তা দেওয়া হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকার আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও শহরাঞ্চলে সেবা প্রদানকারী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর মান উন্নয়ন করা হবে।
এডিবির সহায়তায় পরিচালিত 'ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট' উদ্যোগের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টিকারী বিভিন্ন সমস্যা—যেমন ওভারলোড হওয়া সাবস্টেশন, পুরোনো অবকাঠামো, উচ্চ সিস্টেম লস এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
Comments