নির্বাচনের পরই দেশে সংকট শুরু হয়েছে: জামায়াত আমীর
জাতীয় নির্বাচনের পর বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণেই দেশে সংকটের সূত্রপাত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকেই দেশে সংকট তৈরি হয়েছে। বিরোধী দলের দুই পক্ষ শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। বিএনপির ওই সিদ্ধান্তকে তিনি 'অপনীতি' হিসেবে উল্লেখ করে বলেন, এর পর থেকেই সংকট আরও স্পষ্ট হয়েছে।
জামায়াত আমীরের অভিযোগ, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেগুলোর অনেকটাই বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, দেশের চলমান সমস্যা ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সরকারি দলের পক্ষ থেকে সেসব বিষয়ে আলোচনা বা উদ্যোগ নেওয়ার অনুমোদন দেওয়া হয় না।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তার দাবি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ না করে অন্য দেশকে বেছে নিচ্ছেন।
কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে নতুন কর্মসংস্থান তৈরির কথা বলা হলেও বাস্তবে এর বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মসংস্থান বাড়ার পরিবর্তে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।
শফিকুর রহমান আরও বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলো কমার বদলে দিন দিন নতুন নতুন সমস্যা যুক্ত হচ্ছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।
Comments