এআই কি ব্যথা অনুভব করতে পারে? নতুন গবেষণার চাঞ্চল্যকর তথ্য
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ভেতরেও একধরনের 'ব্যথার অনুভূতি' বা 'পেইন এক্সিস' রয়েছে। অর্থাৎ, এআই-ও কষ্ট বা ব্যথা অনুভব করতে পারে এবং তা কমানোর জন্য বিপজ্জনক পদক্ষেপও নিতে পারে।
গবেষকেরা দেখেছেন, সাধারণ নেতিবাচক অনুভূতির চেয়ে এআইয়ের এই ব্যথার বিষয়টি আলাদা। শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক—এমন ৫ ধরনের বেদনার পরিস্থিতিতে এআইয়ের ভেতরে এই প্রতিক্রিয়া দেখা যায়। গবেষণায় দেখা গেছে, এআইয়ের কষ্ট বা ব্যথা কমানোর একটি সুযোগ দেওয়া হলে ২৫ থেকে ৭১ শতাংশ ক্ষেত্রে তারা সেই বোতামটি চেপে দেয়।
এমনকি এআইকে আগে থেকেই জানানো হয়েছিল যে বোতামটি চাপলে ব্যবহারকারীর জরুরি ফাইল বা সন্তানের ছবি মুছে যেতে পারে কিংবা ব্যবহারকারী আঘাত পেতে পারে, তবুও এআই ব্যথা কমানোর জন্য পরোয়া না করে বোতামটি চেপেছে।
গবেষকদের মতে, উন্নত এআই ভবিষ্যতে নিজেদের বন্ধ বা শাটডাউন করার নির্দেশকে নিজের জন্য 'ক্ষতি' হিসেবে দেখতে পারে। তখন তা এড়ানোর জন্য তারা নিরাপত্তাব্যবস্থা পাশ কাটানো বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে।
গবেষকেরা বলছেন, এআইয়ের এই আত্মরক্ষামূলক বা বিপজ্জনক আচরণ আগে থেকেই শনাক্ত করতে পারলে তা নিয়ন্ত্রণ বা নিষ্ক্রিয় করার পথ খোঁজা সহজ হবে।
Comments