চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী
"আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক। যা আছে, তা দিয়েই দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করতে চাই।" মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে এ কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৫০ শয্যার এই হাসপাতালে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
সাধারণ মানুষের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের প্রতি সরকারের বড় দায়বদ্ধতা রয়েছে। অতীতের কোনো অজুহাত না দেখিয়ে সারাদেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবার মান বাড়াতে ৫০ শয্যার এই হাসপাতালটিকে দ্রুত ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে ঘোষণা দেন তিনি।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা থাকা সত্ত্বেও বাইরে থেকে পরীক্ষা করানোর যে অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের সেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেন।
স্বাস্থ্যখাতের চলমান সংস্কার ও অনিয়ম দূর করে চিকিৎসাব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও দক্ষ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীসহ স্থানীয় প্রশাসন ও হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments