ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম
ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের পরিকল্পনা করে গত জুলাই মাসে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব (এগ্রিমো) পাঠিয়েছিল ঢাকা। উল্লেখ্য, তিনি অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৯৫ সালের ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ব্যাচের এই অভিজ্ঞ কূটনীতিক কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি। অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘ দপ্তরের স্থায়ী প্রতিনিধি। ফিলিপাইনে রাষ্ট্রদূত এবং ইতালির মিলানে প্রথম কনসাল জেনারেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ উইংয়ের ডিরেক্টর জেনারেল, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনস।
Comments