খেলাপি ৫ ব্রোকারেজ হাউসের ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে ডিএসই
অর্থ আত্মসাতের অভিযোগে খেলাপি হওয়া পাঁচ ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৩৩২ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। 'ইনভেস্টর প্রোটেকশন ফাণ্ড' থেকে মোট ৩৭ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই অর্থ বিতরণ শুরু হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম।
যে পাঁচটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের গ্রাহকরা এই ক্ষতিপূরণ পাবেন সেগুলো হলো—মশিহর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং ব্যাংকো সিকিউরিটিজ। ডিএসইর তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের আত্মসাৎ করা মোট অর্থের পরিমাণ ২৫০ কোটি টাকার বেশি।
যাচাইকৃত দাবির ভিত্তিতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী সর্বোচ্চ ৫ লাখ টাকা করে পাবেন। ডিএসই চেয়ারম্যান জানান, পুরো অর্থ বিতরণ প্রক্রিয়া শেষ করতে দুই মাসের কিছু বেশি সময় লাগবে।
ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থ আত্মসাতের এই ঘটনায় চারটি মামলা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন রয়েছে এবং একটি মামলা আদালতে বিচারাধীন আছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ডিএসইর নিয়ন্ত্রক তদারকি ও পর্যবেক্ষণ ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Comments