বিশ্বজুড়ে আগামীকাল থেকে বন্ধ হচ্ছে ইরানের সব এয়ারলাইন: মার্কিন অর্থমন্ত্রী
ইরানি এয়ারলাইনগুলোকে সহায়তা প্রদানকারী বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, এর ফলে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে আন্তর্জাতিক রুটে ইরানের সব এয়ারলাইনের ফ্লাইট পরিচালনা কার্যত বন্ধ হয়ে যাবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্কট বেসেন্ট জানান, ২৩ সেপ্টেম্বর থেকে সারা বিশ্বে ইরানি এয়ারলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ সতর্কবার্তা কেবল এয়ারলাইনগুলোর জন্য নয়; বরং যেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী ও টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান ইরানি বিমানগুলোকে সেবা দিয়ে থাকে, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।
বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানি বিমানগুলোকে জ্বালানি, ল্যান্ডিং সুবিধা বা টিকিট বিক্রির সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বহিষ্কার করা হবে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী চলমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ইরানের বিমান খাতকে সহায়তাকারী কিছু বিদেশি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। বহু বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার কারণে এমনিতেই নতুন উড়োজাহাজ ও খুচরা যন্ত্রাংশ সংকটে রয়েছে ইরানের এভিয়েশন খাত।
ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদার চীনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে চীনা কর্মকর্তারা 'খুব সক্রিয়ভাবে যুক্ত' রয়েছেন এবং বেইজিংয়ের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের আগে এই অগ্রগতি বেশ তাৎপর্যপূর্ণ।
Comments