আদালতে প্রথম স্ত্রীসহ এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
ডিসি ইবনে মিজান জানান, নিহত মরিয়ম খাতুনের মরদেহ হস্তান্তরের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনায় মরিয়মের বাবার করা মামলায় দুই আসামিকে (এমপি নজরুল ও মাকছুদা) আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে মরিয়ম খাতুনের বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছিল, পরে এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
Comments