ইমরান খানের তিন বোনই আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নুরিন নিয়াজিকে আটক করা হয়েছে। এর এক দিন আগে তাঁর আরেক বোন আলিমা খানকেও আটক করা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচির আগে ইমরানের তিন বোনকে আটকের এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি।
সংবাদমাধ্যম দ্য ডন জানায়, ইমরান খানের দুই বোন চিকিৎসক উজমা খান ও নুরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) লাহোরে পাঞ্জাবের মেনটেইন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) আইনের আওতায় তাঁদের আটক করা হয়। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) ইমরানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করার নির্দেশ দেন লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি)।
'দ্য ডন'-এর হাতে থাকা ২০ সেপ্টেম্বরের একটি আদেশে বলা হয়েছে, লাহোরের ডিসি কার্যালয় উজমা ও নুরিনকে ১৯৬০ সালের পাঞ্জাব মেনটেইন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের আওতায় ৩০ দিনের জন্য আটক করার নির্দেশ দিয়েছে। এমপিও অধ্যাদেশের আওতায় কর্তৃপক্ষ বিচারিক পর্যালোচনার সুযোগ সীমিত রেখে যেকোনো ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। আদেশে বলা হয়েছে, এই দুই বোনকে কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারের তত্ত্বাবধানে রাখা হবে।
আসন্ন ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চ সামনে রেখে পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ইমরান খানের কারাগার থেকে মুক্তি এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মূলত এই কর্মসূচি ডেকেছে তাঁর দল।
প্রশাসনের আদেশে দাবি করা হয়েছে, উজমা ও নুরিন বিগত ৯ মে'র বিক্ষোভে জড়িত ছিলেন এবং 'সরকারি ও জনসাধারণের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে কর্মীদের উসকানি দিয়েছিলেন'। এ ছাড়া তাঁরা আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। রেসকোর্স থানায় মামলাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁদের 'জনশান্তি ও স্থিতিশীলতার জন্য সম্ভাব্য হুমকি' হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোববার লাহোরের ডিসি মুহাম্মদ আলী ইজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পুলিশ কর্তৃক উপস্থাপিত 'প্রমাণ' পর্যালোচনার পরই এই আটকের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ ইমরানের দুই বোনকে তাঁদের সন্তান এবং আলিমা খানের ছেলেদের সঙ্গে আটক করেছে। আকরামের দাবি, তাঁদের একটি সাঁজোয়া গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
Comments