উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। এ সময় রাষ্ট্রপতি এসব নির্দেশনা দেন।
সাক্ষাতে রাষ্ট্রপতি উপকূল ও সমুদ্রসীমার নিরাপত্তার পাশাপাশি দেশের মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ প্রতিরোধে কোস্টগার্ডের নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তৃত উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমার সুরক্ষায় কোস্টগার্ডকে আধুনিক, দক্ষ ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার কার্যক্রম বন্ধেও কোস্টগার্ডকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাতের সময় কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সার্বিক কর্মকাণ্ড এবং সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং বাহিনীর এভিয়েশন উইং প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ও তুলে ধরা হয়।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কোস্টগার্ডের মহাপরিচালক। জবাবে রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়ন ও কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments