জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
নভেম্বর-ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।
তিনি বলেন, নভেম্বরের ১২ তারিখকে সামনে রেখে প্রাথমিকভাবে নির্বাচনের সময়সূচি বিবেচনা করা হয়েছিল। তবে নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। এসব কারণে ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে।
এ কারণে আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভাবা হচ্ছে বলে জানান ইসি মাছউদ। তবে ভোটের দিনক্ষণ কিংবা তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউপি নির্বাচন নিয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের পরই তফসিল ও ভোটের সময়সূচি স্পষ্ট হবে।
Comments