এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই: অপ্রতিমের মা
কুমিল্লায় নিহত অপ্রতিমের বাড়িতে এখন শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা নাহিদা বেগম। সন্তান হারানোর বেদনা ও ক্ষোভে তিনি বলেন, 'এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।'
অপ্রতিমের বাড়ির দেয়ালে দেয়ালে এখনো ছড়িয়ে আছে তার হাসিমুখের নানা স্মৃতি। প্রিয় সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে আছেন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। স্বজনদের চোখেও অশ্রু, পুরো বাড়িজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হন অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমাই পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তার সঙ্গে থাকা মায়ের দেওয়া আইফোনটি পাওয়া যায়নি। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সন্তান নিখোঁজ হওয়ার পর অপ্রতিমকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন তার মা। কিন্তু শেষ পর্যন্ত জীবিত সন্তানকে ফিরে পাননি তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে অপ্রতিম হত্যার ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে।
Comments