পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী
পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরবাসীর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শহরগুলোকে আরও সবুজ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগর পুলিশ কার্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগর পুলিশ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাজশাহীর সাংবাদিকরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
তিনি বলেন, দীর্ঘ দুই থেকে তিন দশকের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী শহর সবুজায়নে যে অবস্থানে পৌঁছেছে, তা ধরে রাখতে হবে। এই অর্জনের পেছনে রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৭ বছরে রাজশাহী মহানগরী ১৪ বার সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ধারাবাহিক সবুজায়ন ও পরিচ্ছন্নতার কারণে রাজশাহী বর্তমানে দেশে ও আন্তর্জাতিক পরিসরে 'গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি' হিসেবে পরিচিতি পেয়েছে।
তিনি আরও বলেন, নগরীর সবুজায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও রাজশাহী একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
রাজশাহী শহরের সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, রাজশাহী মহানগর পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। এ কাজে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
Comments