নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত শতাংশ বাড়িভাড়া, জানাল সরকার
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ বিভাগ থেকে 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬' শিরোনামে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়ার হার গ্রেড ও কর্মস্থলের এলাকার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ বাড়িভাড়া রাখা হয়েছে মূল বেতনের ৬০ শতাংশ। অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে নতুন পে-স্কেলের আওতায় বাড়িভাড়ার এসব হার নির্ধারণ করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত বাড়িভাড়া হবে মূল বেতনের ৫০ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব পর্যায়ের চাকরিজীবীরা পাবেন ৪০ শতাংশ বাড়িভাড়া।
অন্যান্য সিটি করপোরেশন ও নির্ধারিত পৌর এলাকা
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার কিছুটা কম রাখা হয়েছে।
এ অঞ্চলে গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব পর্যায়ে ৩০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য এলাকায় বাড়িভাড়া
দেশের অন্যান্য এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া পাবেন।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত চাকরিজীবীদের জন্য বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব পর্যায়ের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
Comments