উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
উত্তরবঙ্গে শিল্পের বিকাশ এবং কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ খাতে প্রণোদনা প্যাকেজের আওতায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
গভর্নর জানান, কৃষি উৎপাদনে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ রাখা হয়েছে। কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বিপণন ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পেও ৪০ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ব্যবস্থা রয়েছে। এছাড়া কৃষিপণ্য রপ্তানির জন্য ১৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
তিনি আরও জানান, রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য আলাদাভাবে ২ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না বলেও জানান গভর্নর।
তিনি বলেন, অতীতে প্রভাবশালী ব্যক্তিদের একটি অংশ এ ধরনের প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখাত। এবার উদ্যোক্তা বাছাইয়ের প্রক্রিয়ায় কোনো আমলা বা ব্যাংকারকে রাখা হবে না। একজন সফল উদ্যোক্তা নতুন উদ্যোক্তা নির্বাচনে ভূমিকা রাখবেন।
মোস্তাকুর রহমান বলেন, উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রভাবমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রণোদনার অর্থ পেতে কোনো ধরনের সুপারিশ করা হলে সেটিকে সংশ্লিষ্ট উদ্যোক্তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। দেশের প্রতিটি উপজেলায় একই নীতিতে অর্থায়ন করা হবে।
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগের কথাও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, প্রণোদনা প্যাকেজের আওতায় প্রথম ধাপে সারা দেশের ৫ হাজার নতুন তরুণ উদ্যোক্তাকে ঋণ দেওয়া হবে।
এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২৮ বছরের কম হতে হবে এবং ব্যবসার একটি কার্যকর ধারণা থাকতে হবে। একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন। এতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও রংপুর কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি রংপুর বিভাগের আট জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন তপাদার, রংপুর কার্যালয়ের পরিচালক একেএম কামরুজ্জামান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোপহন, উইমেন চেম্বারের সভাপতি শাহানাজ পারভীন শাহীন, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজু, নাসিক প্লান্ট অ্যান্ড পটের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম ও কৃষক মাহির ইসলাম।
Comments