জন্মদিনে সালমান শাহকে স্মরণ, শাবনূরের আবেগঘন অনুরোধ
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই অভিনেতা অল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারেই দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। মৃত্যুর কয়েক দশক পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। জন্মদিনে সহকর্মী ও ভক্তদের স্মৃতিচারণে আবারও আলোচনায় এসেছেন এই প্রয়াত তারকা।
সালমান শাহকে স্মরণ করেছেন তার অন্যতম জনপ্রিয় সহশিল্পী শাবনূরও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
শাবনূর লেখেন, 'শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!' এরপর নব্বইয়ের দশকের স্মৃতিচারণ করে তিনি জানান, সেই সময়ের অনেক স্মৃতি এখনো তার চোখের সামনে ভাসে।
সালমান শাহর অভিনয় প্রতিভার পাশাপাশি তার মানবিক গুণের কথাও তুলে ধরেছেন শাবনূর। তার ভাষ্য, শুটিং সেটে সালমান শুধু জনপ্রিয় একজন নায়ক ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—সবার সঙ্গেই তিনি সম্মান ও আন্তরিকতার সঙ্গে আচরণ করতেন।
শাবনূর আরও জানান, সালমান প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়াতেন এবং আশপাশের সবাইকে আপন করে নিতেন। তার এই মানবিক গুণই তাকে মানুষের কাছে এতটা প্রিয় করে তুলেছিল বলে মনে করেন শাবনূর।
পুরনো কোনো গান কিংবা সালমান শাহ অভিনীত সিনেমার দৃশ্য দেখলে এখনো সেই সময়ের স্মৃতি মনে পড়ে যায় বলেও উল্লেখ করেন তিনি। তার স্মৃতিচারণে উঠে এসেছে নব্বইয়ের দশকের চলচ্চিত্রজগতের সেই সোনালি সময়ের কথাও।
পোস্টের শেষ দিকে সালমান শাহকে নিয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন শাবনূর। প্রয়াত এই অভিনেতাকে নিয়ে যেন কেউ মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা অসম্মানজনক মন্তব্য না করেন, সেই আহ্বান জানিয়েছেন তিনি।
শাবনূর বলেন, প্রয়াত এই শিল্পীর প্রতি সবার শ্রদ্ধা ও সম্মান অটুট থাকা উচিত। সালমান শাহর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে ধরে রাখার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে প্রিয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন শাবনূর।
১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় তার উপস্থিতি খুব অল্প সময়েই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি।
মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে শাবনূরের সঙ্গে তার জুটি বিশেষ জনপ্রিয়তা পায়। নব্বইয়ের দশকে সালমান-শাবনূর জুটি দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। তাদের অভিনীত সিনেমাগুলো ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ ছিল উল্লেখ করার মতো।
স্বল্প ক্যারিয়ারে অসংখ্য দর্শকের মনে জায়গা করে নেওয়া সালমান শাহ আজও বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনেতা। জন্মদিনে শাবনূরের আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে আবারও ভক্তদের মাঝে ফিরে এসেছে নব্বইয়ের দশকের সেই জনপ্রিয় নায়কের স্মৃতি।
Comments