নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই কার্যকর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতার কাঠামো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন কাঠামোটি 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬' নামে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে পুরো বেতন একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ৭৫ শতাংশ কার্যকর হবে।
এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর শতভাগ বাস্তবায়ন হবে। যেহেতু নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে, তাই ওই সময় থেকে প্রাপ্য বকেয়া অর্থও পর্যায়ক্রমে পাওয়ার কথা রয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর আওতায় অন্যান্য ভাতা কার্যকর হবে। একই সঙ্গে পেনশনভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী প্রযোজ্য সুবিধা পাবেন।
নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত মূল বেতন বাড়ানোর কথা বলা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন ভাতাও আনুপাতিক হারে বাড়বে।
নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হয়। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন প্রকাশের আগে এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছিল। এর আগে জাতীয় বেতন কমিশন-২০২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের বিষয়ে সুপারিশ দেয়।
নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বিভিন্ন ভাতায় পরিবর্তন আসবে। ধাপে ধাপে নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার পর এর পূর্ণ সুবিধা পাওয়া যাবে।
Comments