এআই ব্যবহারে বাড়তি সুবিধা দিতে মেটার নতুন সাবস্ক্রিপশন সেবা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত করতে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা। 'মেটা ওয়ান' নামের এই সেবায় সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি নির্মাতা ও ব্যবসায়ীদের জন্যও বিভিন্ন অতিরিক্ত সুবিধা রাখা হয়েছে।
নতুন সেবার আওতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেটা এআইয়ের ৫০টির বেশি ফিচার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ভবিষ্যতে এডিটস অ্যাপ ও এআই-চালিত স্মার্ট চশমাতেও এসব সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
মেটা ওয়ানে নির্দিষ্ট অ্যাপভিত্তিক সাবস্ক্রিপশনের পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য কোর ও প্রিমিয়াম দুটি বান্ডেল রাখা হয়েছে। নির্মাতা ও ব্যবসায়ীদের জন্য থাকছে আলাদা প্যাকেজ। তবে সাবস্ক্রিপশন না করলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেটা এআইয়ের মৌলিক সুবিধাগুলো আগের মতোই বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
অর্থাৎ, অর্থের বিনিময়ে ব্যবহারকারীরা এআই ও অন্যান্য ফিচারের ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং ব্যবহারের সুযোগ পাবেন। মেটা জানিয়েছে, নতুন সেবাটি পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চালু করা হচ্ছে।
এর আগে ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস নামে আলাদা সাবস্ক্রিপশন সেবা চালু করেছিল মেটা। নতুন ব্যবস্থায় এসব সুবিধাকে কোর ও প্রিমিয়াম বান্ডেলের সঙ্গে একত্র করা হয়েছে।
মেটা ওয়ানের কোর ও প্রিমিয়াম প্যাকেজ বিশেষ করে নিয়মিত এআই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এসব প্যাকেজে মেটা এআই ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরির সুযোগ বাড়বে। পাশাপাশি ইনস্টাগ্রামের এআইনির্ভর রিস্টাইল ফিচার, ভয়েস ইফেক্টসহ বিভিন্ন সৃজনশীল টুল ব্যবহারের সীমাও বাড়ানো হবে।
কোর প্যাকেজে ছবি-ভিডিও তৈরির অতিরিক্ত সুযোগের পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরির কনটেন্ট নতুনভাবে সাজানো, ভয়েস ইফেক্ট এবং অন্যান্য ক্রিয়েটিভ টুল ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।
অন্যদিকে নির্মাতা ও ব্যবসায়ীদের জন্য নির্ধারিত প্যাকেজে রয়েছে বিভিন্ন পেশাদার টুল। এর মধ্যে ভেরিফায়েড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেসে ভেরিফায়েড চ্যানেল এবং অন্য কেউ পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট পরিচালনার চেষ্টা করলে তা প্রতিরোধের সুবিধা রয়েছে।
এ ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মেটার বিভিন্ন টুল আরও সহজে ব্যবহারের সুযোগ মিলবে। মেটার ভাষ্য অনুযায়ী, নতুন সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে এআইনির্ভর কনটেন্ট তৈরি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধা পাবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Comments