সংক্ষিপ্ত সফরে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, জাতিসংঘে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর।
জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব আয়োজনের মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাও রয়েছে।
সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
Comments