অপেক্ষা নয়, ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্ট করলেই টাকা জমা
ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের টাকা সঙ্গে সঙ্গেই মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডে কোনো পেমেন্ট হলে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে তা সঙ্গে সঙ্গেই জমা করতে হবে। একই সঙ্গে ২৪ নভেম্বর ২০২৫-এর এ সংক্রান্ত আগের নির্দেশনা বাতিল হবে।
এ ছাড়া ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন স্পষ্টভাবে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি কিউআর ইমেজ আপলোড করেও পেমেন্টের সুবিধা চালু করতে হবে।
একই সময়সীমার মধ্যে কার্ডসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধাও নিশ্চিত করতে বলা হয়েছে।
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
Comments