প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির
দেশবাসীকে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরকার সরে গিয়ে এখন উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু মুখের বুলিতে 'রেমিট্যান্স যোদ্ধা' আখ্যা দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং তাদের সব মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদান বন্ধ করার যেকোনো উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি একে প্রবাসীদের প্রতি চরম 'জুলুম' বলে উল্লেখ করেন।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে যেন চতুর্থবারের মতো কোনো অচলাবস্থা তৈরি না হয়, সে জন্য অবিলম্বে এই শ্রমবাজারের সঙ্গে জড়িত সব সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, বিরোধী দল ক্ষমতার জন্য নয়, বরং জনগণের চূড়ান্ত বিজয় চায়। জনগণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে কোনো ধরনের আইন করা হলে বা জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে সংসদ ও সংসদের বাইরে তার তীব্র প্রতিবাদ জানানো হবে এবং সরকারের চোখের দিকে চোখ রেখে কথা বলবে বিরোধী দল।
Comments