দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
দেশের মানুষের সব ভালো অর্জনকে রাষ্ট্র মূল্যায়ন ও স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সন্তানরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার সবসময় সেই অর্জনের পাশে থাকবে এবং যথাযথ স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারবিজয়ী বাংলাদেশের কৃতী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
হাফেজদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদের ব্যক্তিগত অর্জন নয়। আমি মনে করি, এটা বাংলাদেশের প্রতিটি মুসলমান ও সমগ্র জাতির অর্জন।"
ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের ছেলেমেয়েরা যাতে আরও বেশি অংশ নিতে পারে এবং দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুক। সবার সহযোগিতায় আমরা দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই।"
উল্লেখ্য, সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের সন্তানেরা দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন।
-
মোহাম্মদ জাকারিয়া: ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
-
শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী: ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
-
হাফেজা রাবেতা বিনতে রমজান: ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
-
হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ: ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান লাভ করেন।
Comments