স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধিদের থাকার কথা রয়েছে।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
Comments