অপরাধের ধরন পাল্টালেও,পুলিশকে আধুনিকায়ন করা সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধের ধরন ও কৌশল বদলে গেলেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে এখনো প্রয়োজনীয়ভাবে আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও তদন্তে এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী পুলিশ বাহিনীকে এখনো পুরোপুরি আধুনিক করা সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের অনেক সময় ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা ক্রাইম রিপোর্টারদের জন্য ঝুঁকি ভাতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
অপরাধ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইনে অনেক সময় অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা পরে জামিনে বেরিয়ে আসেন। অপরাধের ধরন ও সময়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনেও প্রয়োজনীয় সংশোধন আনা দরকার।
যুবসমাজের অপরাধপ্রবণতার পেছনে জুয়া ও মাদকের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, বিভিন্ন অপরাধের সঙ্গে জুয়া ও মাদকের সম্পর্ক রয়েছে। তাই অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর শুধু আইনগত ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। কেন এবং কী কারণে অপরাধ ঘটছে, তা আগে গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। এরপর অপরাধের মূল কারণ দূর করার উদ্যোগ নিতে হবে।
অপরাধের কারণ চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি।
Comments