দেবের বাড়িতে গণেশ পূজায় তারকাদের মেলা
টালিউড জগতের 'পাগলু'খ্যাত জনপ্রিয় অভিনেতা দেবের বাড়িতে বসেছিল তারকাদের মেলা। গণেশ পূজা উপলক্ষ্যে টালি পাড়ার তারকাদের আগমন অভিনেতার বাড়ি। শুধু টালি পাড়ার তারকারাই নন, অভিনেতার বাড়ির এ পূজোর আয়োজনে অংশ নিয়েছেন রাজনীতির অঙ্গনেরও একাধিক পরিচিত মানুষ। সকলের উপস্থিতিতে জমে উঠেছিলো অভিনেতার সন্ধ্যার আড্ডা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেশ ধুমধাম করে বাড়িতে গণেশ পূজার আয়োজন করেন অভিনেতা।
দেবের বাড়ির গণেশ পূজায় বাপ্পার দর্শনে হাজির হন শুভেন্দু অধিকারী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদারসহ আরও অনেকে। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে রাজনীতিক সব মিলিয়ে তারকাখচিত হয়ে ওঠে দেবের বাড়ি।
রাতের দিকে পূজায় যোগ দেন 'বুম্বাদা'খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে নিজেই ইন্ডাস্ট্রির এই প্রবীণ অভিনেতাকে অভ্যর্থনা জানান দেব। প্রসেনজিৎকে দেখেই 'চোখ তুলে দেখ না কে এসেছে' গানটি গেয়ে ওঠেন তিনি। এরপর এগিয়ে এসে দেবকে জড়িয়ে ধরেন প্রসেনজিৎ। দুই তারকার এই উষ্ণ মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নেটিজেনদের নজর কাড়ে।
এদিন অফ-হোয়াইট পাজামা-পাঞ্জাবিতে দেখা যায় দেবকে। তার বাড়ির পূজায় হাজির ছিলেন অভিনেত্রী ইশা সাহাও। নীল ও লালের সংমিশ্রণের শাড়িতে নজর কাড়েন তিনি। অন্যদিকে সাদা শাড়ির ওপর লাল রঙের গুজরাটি কাজ করা পোশাকে হাজির হয়ে বিশেষভাবে নজর কাড়েন অভিনেত্রী প্রিয়াংকা সরকার।
দেবের 'প্রজাপতি ২' সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকেও দেখা যায় পূজার আয়োজনে। নীল-সবুজ শাড়িতে হাজির হন অভিনেত্রী। মা-বাবার সঙ্গে এসেছিলেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। পাশাপাশি দেখা যায় 'একেন বাবু'খ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও।
তবে এত তারকার উপস্থিতির মধ্যেও শুভশ্রী গাঙ্গুলির অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে 'দেশু ৭' সিনেমা মুক্তির আগে দেবের বাড়ির গণেশ পূজায় শুভশ্রীর না আসা নিয়ে অনেক ভক্ত-অনুরাগীর মধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।
যদিও অনেকে মনে করছেন, দেব ও শুভশ্রী একসঙ্গে কোথাও উপস্থিত হলেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সেই কারণেই হয়তো বর্তমানে প্রচারের সময় দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে না এমন মন্তব্যও করছেন অনেকে।
এদিকে সম্প্রতি দেব ও জিৎকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, দুই অভিনেতাও বড় দাদার এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পূজার পরই নাকি সেই সিনেমার কাজ শুরু হতে পারে। শেষ পর্যন্ত ছবিটি বাস্তবে রূপ নিলে বাংলা সিনেমায় এটি হতে পারে এক বিশেষ সংযোজন।
অন্যদিকে দেবের বাড়ির গণেশ পূজায় প্রেমিকা রুক্মিণী মৈত্রের অনুপস্থিতিও নজর এড়ায়নি। তবে রুক্মিণীর অনুপস্থিতির কারণও সামনে এসেছে। বর্তমানে কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাজ্যে রয়েছেন অভিনেত্রী।
অভিনেতা অক্ষয় কুমারের 'সমুক' সিনেমার শুটিংয়ে ব্যস্ত রুক্মিণী। সূত্রের খবর, সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যেতে পারে তাকে। ফলে কাজের কারণেই দেবের বাড়ির পূজায় উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী।
এদিকে দেবের পাশে রুক্মিণীকে না দেখে ফের তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হতে পারে—এমন আশঙ্কাও ছিল। তবে আপাতত শুটিংয়ের কারণেই রুক্মিণীর অনুপস্থিতি বলে জানা যাচ্ছে।
Comments