গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে ও বাইরে দুইটি ককটেল-এর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোর রাত সাড়ে বারোটার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্ত্বরে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে বারোটার দিকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে যায়। একটি গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে ও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান হবে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জের তিনটি আসনের সাংসদবৃন্দ। কোন একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে এ অনুষ্ঠানের আগ মুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এমন ঘৃণিত সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়েছে। ককটেল হামলাকারীদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এই ছাত্রদল নেতা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, 'আমরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে টহল দিচ্ছিলাম। যেহেতু স্থানীয় তিনজন সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ে আসবেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আজ ক্যাম্পাসে টহল দেওয়া হচ্ছিল। যখন আমরা এই ঘটনার কথা জানতে পারি, তখন ৭-৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং পুলিশকে খবর দিই।'
Comments