ফেসবুক পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না
ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য এতদিন যে ধরনের বিজ্ঞাপন চালানো যেত, সেই ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মেটার বিজ্ঞাপন প্ল্যাটফর্মে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে পেজ লাইক বাড়ানোর পুরোনো লক্ষ্যটি আর দেখা যাচ্ছে না। এর বদলে বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীকে সরাসরি ফেসবুক পেজে নিয়ে যাওয়ার একটি নতুন লক্ষ্য দেখানো হচ্ছে।
আগে বিজ্ঞাপন তৈরির সময় পেজের লাইক বাড়ানোকে সরাসরি বিজ্ঞাপনের উদ্দেশ্য হিসেবে নির্বাচন করার সুযোগ ছিল। তবে কিছু বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে এখন সেই অপশনের পরিবর্তে 'ম্যাক্সিমাইজ নাম্ভার অব ফেসবুক পেজ ভিজিটস' নামে একটি লক্ষ্য দেখা যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে যত বেশি সম্ভব ব্যবহারকারীকে সংশ্লিষ্ট পেজে নিয়ে যাওয়াই সেখানে মূল উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করা হচ্ছে।
তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পেজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে কি না, নাকি বিজ্ঞাপন ব্যবস্থার নতুন কোনো পরীক্ষা চালানো হচ্ছে তা এখনো পরিষ্কার নয়। কোনো কারিগরি সমস্যার কারণেও কিছু অ্যাকাউন্টে পুরোনো অপশনটি দেখা নাও যেতে পারে।
বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্টদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তাদের সবার অভিজ্ঞতা অবশ্য একই নয়। কেউ কেউ জানিয়েছেন, তাদের বিজ্ঞাপন অ্যাকাউন্টে আগের মতো পেজ লাইক বাড়ানোর লক্ষ্য আর পাওয়া যাচ্ছে না। আবার কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে পুরোনো অপশন এখনো সক্রিয় রয়েছে।
এ থেকে ধারণা করা হচ্ছে, পরিবর্তনটি এখনো সব বিজ্ঞাপনদাতার জন্য একযোগে কার্যকর হয়নি। মেটা হয়তো নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে নতুন পদ্ধতি পরীক্ষা করছে অথবা পর্যায়ক্রমে বিজ্ঞাপন তৈরির প্রক্রিয়ায় পরিবর্তন আনছে।
নতুন পদ্ধতিতে বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীকে সরাসরি সংশ্লিষ্ট ফেসবুক পেজে পাঠানো হবে। এরপর পেজের কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারী নিজে থেকেই সেটিতে লাইক বা ফলো করতে পারবেন। ফলে বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি লাইক সংগ্রহের বদলে সম্ভাব্য আগ্রহী দর্শককে পেজে পৌঁছে দেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইনস্টাগ্রামের বিজ্ঞাপন ব্যবস্থাতেও ব্যবহারকারীকে নির্দিষ্ট অ্যাকাউন্ট বা প্রোফাইলে নিয়ে যাওয়ার ধরনের লক্ষ্য ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। এতে মেটার বিজ্ঞাপন ব্যবস্থায় সরাসরি পেজ বা প্রোফাইল ভিজিট বাড়ানোর ওপর গুরুত্ব বাড়ছে বলে মনে করছেন ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্টরা।
তবে মেটার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে পেজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। কারণ একদিকে সব বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে একই পরিবর্তন দেখা যায়নি, অন্যদিকে নতুন ব্যবস্থাটি পরীক্ষামূলক কি না, সেটিও নিশ্চিত নয়।
যদি শেষ পর্যন্ত নতুন পদ্ধতিই স্থায়ী হয়, তাহলে পেজের লাইক ও ফলোয়ার বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি লাইক সংগ্রহের বদলে এমন কনটেন্ট তৈরি করতে হবে, যা নতুন দর্শকদের পেজটি নিয়মিত অনুসরণে আগ্রহী করে তোলে।
এ ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া পোস্টগুলোকে বিজ্ঞাপনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, আগ্রহী দর্শকদের পেজ ফলো করতে উৎসাহিত করা এবং ব্যবসার ধরন অনুযায়ী ওয়েবসাইটে ট্রাফিক, সম্ভাব্য ক্রেতার তথ্য বা সরাসরি বিক্রি বাড়ানোর লক্ষ্যেও বিজ্ঞাপন ব্যবহার করা যেতে পারে।
সব মিলিয়ে ফেসবুকের পেজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন ব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিজ্ঞাপনদাতাদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে মেটার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি স্থায়ী পরিবর্তন নাকি সীমিত পরিসরের পরীক্ষা—সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
Comments